লেটেস্ট নিউজ

জালালাবাদে পাক যুদ্ধবিমান নামাল তালিবান, বন্দি বায়ুসেনার উইং কমান্ডার – এবেলা

এবেলা ডেস্কঃ

আফগানিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশ করে হামলা চালাতে গিয়ে বড়সড় বিপর্যয়ের মুখে পড়ল পাকিস্তান বায়ুসেনা। শনিবার সকালে জালালাবাদ সীমান্ত এলাকায় তালিবানের পালটা হামলায় গুঁড়িয়ে গেল পাকিস্তানের একটি যুদ্ধবিমান। শুধু বিমান ধ্বংসই নয়, তালিবান যোদ্ধাদের হাতে বন্দি হয়েছেন পাক বায়ুসেনার একজন উইং কমান্ডারও। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এবং স্থানীয় সূত্রে এই চাঞ্চল্যকর খবর নিশ্চিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জালালাবাদ ঘাঁটির আকাশে পাক জেটের গর্জন শোনার কিছুক্ষণের মধ্যেই বিকট দুটি বিস্ফোরণ ঘটে। এরপরই যুদ্ধবিমানটি মাটিতে আছড়ে পড়ে। বিধ্বস্ত বিমান থেকে প্যারাশুটের সাহায্যে কোনোমতে বেরিয়ে আসতে সক্ষম হলেও শেষ রক্ষা হয়নি পাক পাইলটের; মাটিতে পা রাখতেই তাঁকে বন্দি করে তালিবান বাহিনী।

আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে গত কয়েকদিন ধরেই সংঘাত চরম আকার নিয়েছে। পাক সেনার দাবি অনুযায়ী, শুক্রবার আফগানিস্তানের ২২টি স্থানে ব্যাপক হামলা চালিয়ে ২৭৪ জন তালিবানকে খতম করা হয়েছে। পালটা জবাবে আফগান বাহিনী দাবি করেছে, তাদের হানায় ৫৫ জন পাক সেনা নিহত হয়েছে। এই রক্তক্ষয়ী আবহে যুদ্ধবিমান খোয়ানো এবং পাইলট বন্দি হওয়ার ঘটনা ইসলামাবাদের জন্য এক বিরাট কূটনৈতিক ও সামরিক ধাক্কা বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *