জি বাংলার ‘পরিণীতা’য় বড় চমক: পারুলকে ছেড়ে কি অন্য পথে হাঁটবে রায়ান? – এবেলা
এবেলা ডেস্কঃ
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’র গল্পে আসতে চলেছে এক টানটান উত্তেজনাময় মোড়। সাম্প্রতিক প্রোমো অনুযায়ী, নিখোঁজ দশা থেকে পারুলের সাহসিকতায় উদ্ধার হওয়ার পর এবার নিজের স্বপ্নপূরণের পথে পা বাড়াচ্ছে রায়ান। অতীতের সব মান-অভিমান ভুলে থিয়েটারে ফেরার সিদ্ধান্ত নিয়েছে সে। পারুলের অনুপ্রেরণাতেই করপোরেট দুনিয়া ছেড়ে ‘বসু থিয়েটার’ নামে নতুন দল গঠন করে নিজের অভিনয়ের যাত্রা শুরু করছে রায়ান।
নতুন এই পথচলায় বরাবরের মতো রায়ানের পাশে ছায়ার মতো রয়েছে পারুল। তবে এই পরিবর্তনের মাঝেই দানা বাঁধছে নতুন রহস্য। পারুল স্পষ্ট জানিয়ে দিয়েছে, রায়ান যেন তার স্বপ্নপূরণ করে মনের মানুষের কাছে ফিরে যায় এবং সে এতে কোনো বাধা দেবে না। ইতিপূর্বে ভালোবাসার কথা বলতে গিয়েও পরিস্থিতির চাপে তা অধরা থেকে গিয়েছিল। এবার থিয়েটারের ব্যস্ততায় তাদের সম্পর্ক কোন দিকে মোড় নেয়, তাই এখন দেখার।
টিআরপি তালিকায় টানা কয়েক সপ্তাহ শীর্ষে থাকা এই ধারাবাহিকে পারুল-রায়ান জুটির রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। একদিকে সংযুক্তার ষড়যন্ত্রের মোকাবিলা, অন্যদিকে মৈনাকের ওপর হামলার রেশ কাটিয়ে পরিবারে স্থিতিশীলতা ফেরানোর লড়াই চলছে। রায়ান কি শেষ পর্যন্ত পারুলের কাছে নিজের মনের গোপন কথাটি প্রকাশ করতে পারবে, নাকি তাদের দূরত্ব আরও বাড়বে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে।

