জিবি মিটিং কেন্দ্র করে রণক্ষেত্র যাদবপুর: SFI-ABVP রক্তক্ষয়ী সংঘর্ষে আহত বহু, থানায় বিক্ষোভ – এবেলা

এবেলা ডেস্কঃ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জেনারেল বডি (GB) মিটিংকে কেন্দ্র করে বামপন্থী ছাত্র সংগঠন SFI এবং BJP সমর্থিত ABVP-র কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষ বেঁধেছে। এই ঘটনায় উভয় পক্ষের একাধিক ছাত্র আহত হয়েছেন এবং তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সূত্রপাত বুধবার, যখন SFI এবং অন্যান্য বামপন্থী সংগঠনগুলি একটি জেনারেল বডি মিটিংয়ের আয়োজন করে। এর তীব্র বিরোধিতা করে মাঠে নামে ABVP। তাদের বক্তব্য, বর্তমানে রাজ্য সরকার কোনো নির্বাচিত ছাত্র সংসদ বা এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেনি, তাই এই ধরনের মিটিং ডাকার কোনো আইনি বা নৈতিক ভিত্তি নেই। এই প্রতিবাদকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং তা মুহূর্তের মধ্যে হাতাহাতিতে রূপ নেয়।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিধায়িকা শর্বরী মুখোপাধ্যায়। তিনি আহত ছাত্রদের নিয়ে সরাসরি যাদবপুর থানায় যান এবং বাম সংগঠনগুলির বিরুদ্ধে ক্যাম্পাস উত্তপ্ত করার অভিযোগ তোলেন। সেখানে তিনি SFI নেতা সৃজন ভট্টাচার্যের নাম উল্লেখ করে কড়া হুঁশিয়ারি দেন। এরপরই দোষীদের গ্রেপ্তারের দাবিতে এবিভিপি সমর্থকরা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।
অন্যদিকে, এসএফআই-সহ বাম ছাত্র সংগঠনগুলিও হাত গুটিয়ে বসে নেই। তারা পাল্টা দাবি করেছে যে, ABVP পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়ে পরিবেশ নষ্ট করেছে। এই হামলার প্রতিবাদে তারাও কর্মসূচি ঘোষণা করেছে। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতির ওপর পুলিশ নজর রাখছে।
