জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় একাদশে রদবদলের ইঙ্গিত, সুযোগ পেতে পারেন সঞ্জু-অক্ষর – এবেলা
এবেলা ডেস্কঃ
February 26, 202610:47 am
টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কাল চেন্নাইয়ে জিম্বাবোয়ের মুখোমুখি হচ্ছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পর এই ম্যাচে ভারতীয় একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। বিশেষ করে জিম্বাবোয়ের স্পিন আক্রমণ মোকাবিলায় টপ অর্ডারে সঞ্জু স্যামসনকে খেলানোর জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
টানা ব্যর্থতার পরেও ওপেনার অভিষেক শর্মার ওপর আস্থা রাখছেন কোচ। তবে কৌশলগত কারণে টপ অর্ডারে রদবদলের বিকল্প খোলা রাখা হয়েছে। কোটাক জানান, বাঁহাতি ব্যাটারদের আধিক্য কমাতে এবং দলের ভারসাম্য ফেরাতে টিম ম্যানেজমেন্ট সঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেলকে অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্ব সহকারে চিন্তাভাবনা করছে।
বিপক্ষে থাকা জিম্বাবোয়ে ভারতের মাটিতে এর আগে কোনো টি-টোয়েন্টি খেলেনি। মেলবোর্নের শেষ সাক্ষাতে ভারত ৭১ রানে জিতলেও কালকের মরণ-বাঁচন ম্যাচে সতর্ক মেন ইন ব্লু। নেটে সঞ্জু স্যামসনের বাড়তি অনুশীলন এবং কোটাকের বয়ানে স্পষ্ট যে, সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে একাদশে বড় চমক দিতে পারে ভারতীয় দল।

