জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যার সাজা, হাসিনার ঘনিষ্ঠ ইনুর ১০ বছরের কারাদণ্ড – এবেলা

এবেলা ডেস্কঃ
ঢাকা: বাংলাদেশে জুলাই মাসের গণআন্দোলনের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ষড়যন্ত্র ও মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন মন্ত্রী এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনু। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে ১০ বছরের কারাদণ্ডের সাজা প্রদান করেছে।
প্রধান অভিযোগ ও সাজা:
শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইনুর বিরুদ্ধে মোট ৮টি অভিযোগ আনা হয়েছিল। তার মধ্যে অন্যতম হলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রীর ডাকা ১৪ দলীয় জোটের বৈঠকে উপস্থিত থেকে ‘শুট অ্যাট সাইট’ বা দেখামাত্র গুলির নির্দেশ কার্যকর করা। ট্রাইব্যুনালে এই রায় সরাসরি সম্প্রচারিত হয় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।
বিচার প্রক্রিয়ার ঝলক:
- তদন্ত শুরু: ২০২৫ সালের ২৫ মার্চ।
- বিচার শুরু: ৩০ নভেম্বর ২০২৫।
- সাক্ষ্য: মামলায় মোট ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
যদিও ইনুর আইনজীবী ট্রাইব্যুনালে দাবি করেছিলেন যে, হত্যাকাণ্ডের সময় ইনু কুষ্টিয়ায় উপস্থিত ছিলেন না এবং এই ঘটনার সাথে তাঁর কোনো যোগ নেই। তবে যাবতীয় তথ্য-প্রমাণ ও সাক্ষ্য গ্রহণের পর ট্রাইব্যুনাল তাঁকে দোষী সাব্যস্ত করে। উল্লেখ্য, বাংলাদেশের গণআন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এটি ষষ্ঠ মামলার রায়।
