জেলাভাগ থেকে শিক্ষা-স্বাস্থ্য-ভাতা, মমতার ১০ অঙ্গীকার – এবেলা
এবেলা ডেস্কঃ
কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে ২০২৬ নির্বাচনের তুরুপের তাস চাললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেবল প্রতিশ্রুতি নয়, ইশতেহারে স্পষ্ট ১০ অঙ্গীকারের কথা ঘোষণা করে তৃণমূল নেত্রী সাফ জানালেন, “আমরা যা বলি, তাই করে দেখাই।” দেখে নিন তৃণমূলের এই ‘দশভুজা’ ইশতেহারে আপনার জন্য কী কী চমক থাকছে।
১. পাকা বাড়ির অঙ্গীকার
আবাস যোজনার আওতায় রাজ্যের প্রতিটি কাঁচা বাড়ি পাকা করে দেওয়ার দায়িত্ব নিল তৃণমূল সরকার।
২. ঘরে ঘরে পানীয় জল
প্রতিটি পরিবারের দোরগোড়ায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হবে।
৩. আজীবন লক্ষ্মীর ভাণ্ডার
বাংলার মহিলাদের জন্য সবচেয়ে বড় সুখবর, লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা এবার মিলবে সারা জীবন।
৪. দুয়ারে চিকিৎসা
‘দুয়ারে সরকার’-এর ব্যাপক সাফল্যের পর এবার প্রতিটি ব্লক ও শহরে শুরু হবে ‘দুয়ারে চিকিৎসা’ পরিষেবা। স্বাস্থ্য শিবির হবে আপনার হাতের নাগালে।
৫. ভাতা ও সামাজিক সুরক্ষা
বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার বকেয়া কাজ দ্রুত সম্পন্ন করার পাশাপাশি একাকী প্রবীণদের দেখাশোনার জন্য বিশেষ প্রকল্পের ঘোষণা।
৬. শিক্ষা ও আধুনিক বিদ্যালয়
কয়েক হাজার সরকারি স্কুলের আধুনিকীকরণ হবে। ই-লার্নিং ব্যবস্থার পাশাপাশি নতুন শিক্ষক নিয়োগের জোরালো প্রতিশ্রুতি দিয়েছেন নেত্রী।
৭. যুব সমাজের জন্য ভাতা
মেধাশ্রী ও যুবশ্রী প্রকল্পের পাশাপাশি যুবকদের জন্য ভাতার আওতা আরও বাড়ানো হচ্ছে।
৮. পৃথক কৃষি বাজেট
কৃষকদের আয় বাড়াতে ৩০ হাজার কোটি টাকার বিশেষ কৃষি বাজেট পেশের পরিকল্পনা নিয়েছে শাসকদল।
৯. নতুন জেলা ও পুরসভা
প্রশাসনিক কাজের সুবিধার জন্য রাজ্যে আরও ৭ থেকে ৮টি নতুন জেলা এবং নতুন পুরসভা তৈরি করা হবে।
১০. অর্থনৈতিক লক্ষ্যমাত্রা
আগামী ৫ বছরে ৪০ লক্ষ কোটি টাকার অর্থনীতি গড়ার লক্ষ্য। মমতার দাবি, আগামী ১০ বছরে বাংলা হবে দেশের তৃতীয় বৃহত্তম অর্থনীতি।
কেন্দ্রের বিরুদ্ধে ২ লক্ষ কোটি টাকার বকেয়া আটকে রাখার অভিযোগ তুলেও মমতা বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেন, তৃণমূল সরকারই বাংলার রক্ষাকবচ। বেকারত্ব কমানো এবং কর্মসংস্থান বৃদ্ধির যে খতিয়ান ইশতেহারে দেওয়া হয়েছে, তা এখন রাজ্য রাজনীতিতে হট টপিক।

.jpeg.webp?ssl=1)