জেলায় জেলায় ডাকঘর ও পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক, তুঙ্গে পুলিশি তৎপরতা – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যের একাধিক জেলার প্রধান ডাকঘর ও পাসপোর্ট অফিসে শুক্রবার নতুন করে বোমাতঙ্ক ছড়িয়েছে। হুগলি, বাঁকুড়া, হাওড়া এবং পশ্চিম বর্ধমানের আসানসোলে হুমকি ইমেল আসায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ইমেলে দাবি করা হয়, বৃহস্পতিবার কেবল প্রশাসনের তৎপরতা পরীক্ষা করা হয়েছিল, কিন্তু শুক্রবার দুপুরেই সায়ানাইড গ্যাস ও আরডিএক্স ভর্তি বোমার বিস্ফোরণ ঘটানো হবে।
হুমকিবার্তা পাওয়ামাত্রই সংশ্লিষ্ট দপ্তরগুলো খালি করে দেয় পুলিশ। বম্ব স্কোয়াড ও স্নিফার ডগ নিয়ে চালানো হয় চিরুনি তল্লাশি। আতঙ্কিত কর্মীরা দ্রুত নিরাপদ স্থানে সরে যান, যার ফলে সাময়িকভাবে থমকে যায় সরকারি পরিষেবা। তবে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও কোথাও কোনো সন্দেহজনক বস্তু বা বিস্ফোরণের খবর মেলেনি।
গত মঙ্গলবার থেকে টানা চারদিন ধরে কলকাতা ও বিভিন্ন জেলার আদালত ও সরকারি দপ্তরে এই ধরনের উড়ো ইমেল পাঠানো হচ্ছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে কলকাতা পুলিশের এসটিএফ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি স্পর্শকাতর এলাকায় কড়া নজরদারি ও তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন।

