জোড়াফুলে ভোট দিলে দিল্লি ও গুজরাটে ভূমিকম্প হবে, হাঁসনের সভা থেকে চ্যালেঞ্জ অভিষেকের

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমের হাঁসন বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন। তারাপীঠ সংলগ্ন কড়কড়িয়া মোড়ে দলীয় প্রার্থী ফয়জুল হকের (কাজল শেখ) সমর্থনে আয়োজিত জনসভায় তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে ইভিএমে জোড়াফুলে বোতাম টিপলে তার রাজনৈতিক কম্পন অনুভূত হবে দিল্লি ও গুজরাটে। মোদী সরকারকে নিশানা করে তিনি বলেন, বিজেপি সাধারণ মানুষকে নোটবন্দি থেকে ভোটবন্দি—সবক্ষেত্রেই লাইনে দাঁড় করাতে অভ্যস্ত। এবার ভোটারদের সেই লাইনে দাঁড়িয়েই কেন্দ্রকে যোগ্য জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁসনের মানুষকে আশ্বস্ত করে বলেন, নিজের লোকসভা কেন্দ্রের মতোই তিনি এই এলাকাকেও আগলে রাখবেন। পানীয় জলের সমস্যা সমাধান থেকে শুরু করে আজীবন লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতার সুবিধা নিশ্চিত করার অঙ্গীকারও পুনরায় ব্যক্ত করেন তিনি। তাঁর দাবি, বিজেপি জিতলে সাধারণ মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবেন, কিন্তু তৃণমূল ক্ষমতায় থাকলে সাধারণের অধিকার সুরক্ষিত থাকবে। এসআইআর সহ বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তৃণমূল মাঠ, ময়দান, সংসদ ও আদালতে লড়াই চালিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
উন্নয়নের খতিয়ান তুলে ধরে অভিষেক জানান, পরিকাঠামো ও হাসপাতালের আধুনিকীকরণে তৃণমূল সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এদিন তিনি স্থানীয় বিজেপি নেতাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, তারা যেন তাদের কাজের ‘রিপোর্ট কার্ড’ নিয়ে জনগণের সামনে আসেন। বিজেপিকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার লক্ষ্য নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেন তিনি। লড়াইয়ের সুর চড়িয়ে অভিষেক স্পষ্ট করে দেন, ঝড়-বৃষ্টি যাই আসুক না কেন, মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শামিল হয়ে বিজেপিকে মাঠের বাইরে পাঠাতে হবে। হাঁসনের এই সভা থেকে তিনি সরাসরি কাজল শেখকে জয়ী করার ডাক দেন।
