লেটেস্ট নিউজ

জ্বালানি সংকট নিয়ে গুজব রুখতে কড়া প্রধানমন্ত্রী, দেশবাসীকে আশ্বস্ত করলেন মোদী – এবেলা

এবেলা ডেস্কঃ

আরব দুনিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে তৈরি হওয়া জ্বালানি সংকটের প্রভাব পড়েছে ভারতেও। কলকাতা, দিল্লি ও মুম্বইয়ের মতো মেট্রো শহরগুলিতে রেস্তরাঁ ও স্কুলের মিড-ডে মিল পরিষেবা বিঘ্নিত হওয়ার খবর মিলেছে। এই পরিস্থিতিতে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় সরকার সবরকম পদক্ষেপ নিচ্ছে।

বৃহস্পতিবার দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছেন, এলপিজি নিয়ে যারা গুজব ছড়াচ্ছে বা কালোবাজারি করছে, তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়। মোদী উল্লেখ করেন যে, গত এক দশকে ভারতের জ্বালানি নিরাপত্তা ও রিফাইনিং ক্ষমতা বহুগুণ বেড়েছে। বর্তমানে দেশে ইথানল ব্লেন্ডিং ২০ শতাংশে পৌঁছেছে, যা আমদানির ওপর নির্ভরতা কমিয়ে সরকারকে কয়েক হাজার কোটি টাকা সাশ্রয় করতে সাহায্য করেছে।

আন্তর্জাতিক স্তরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্টের সঙ্গেও ফোনে আলোচনা করেছেন। এই কথোপকথনে তিনি আঞ্চলিক শান্তি বজায় রাখা এবং পণ্য পরিবহনের পথ বাধামুক্ত রাখার ওপর জোর দেন। প্রধানমন্ত্রী ১৪০ কোটি ভারতবাসীর ওপর আস্থা রেখে জানিয়েছেন, করোনার মতো এই সংকটও ভারত সফলভাবে কাটিয়ে উঠবে। সাধারণ মানুষ ও কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার বন্ধুরাষ্ট্রগুলোর সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *