জ্বালানি সংকটে বিপর্যস্ত পাকিস্তান: বন্ধ স্কুল-কলেজ, অফিসে ‘ওয়ার্ক ফ্রম হোম’ – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে তীব্র জ্বালানি সংকটে পড়েছে পাকিস্তান। ইরান-ইসরায়েল উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার দেশজুড়ে জরুরি ভিত্তিতে জ্বালানি সাশ্রয় নীতি ঘোষণা করেছে।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৫ দিন সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সশরীরে উপস্থিতির পরিবর্তে অনলাইন ক্লাসের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, জ্বালানি খরচ কমাতে সরকারি দফতরগুলো সপ্তাহে মাত্র চার দিন খোলা থাকবে এবং বাকি দিনগুলোতে কর্মীরা বাড়ি থেকে কাজ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ করবেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি অফিসগুলোতে দিনে মাত্র ৫০ শতাংশ কর্মী উপস্থিত থাকবেন। তবে জরুরি পরিষেবা সচল রাখতে সরকারি ব্যাঙ্কগুলো আগের মতোই সপ্তাহে ছয় দিন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচলে বিধিনিষেধের কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় দিশাহারা ইসলামাবাদ এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

