লেটেস্ট নিউজ

জ্বালানি সংকটে স্বস্তি: হরমুজ প্রণালী পেরিয়ে গুজরাতে এল ৪৫ হাজার টন এলপিজি – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মাঝে বড়সড় স্বস্তি ফিরল ভারতের জ্বালানি বাজারে। হরমুজ প্রণালীর বাধা কাটিয়ে মঙ্গলবার প্রায় ৪৫,০০০ মেট্রিক টন এলপিজি নিয়ে গুজরাতের ভাদিনার বন্দরে নোঙর করল ভারতীয় ট্যাঙ্কার ‘নন্দা দেবী’। প্রাথমিকভাবে কাণ্ডলা বন্দরে যাওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে গন্তব্য পরিবর্তন করে জাহাজটিকে ভাদিনারে আনা হয়েছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, জাহাজের সমস্ত নাবিক নিরাপদ রয়েছেন।

এর আগে ‘শিবালিক’ নামে আরও একটি ট্যাঙ্কার সমপরিমাণ এলপিজি নিয়ে মুন্দ্রা বন্দরে পৌঁছেছিল। পাশাপাশি, সংযুক্ত আরব আমিরশাহি থেকে ৮১,০০০ টন অপরিশোধিত তেল নিয়ে ‘জগ লাড়কি’ নামক অন্য একটি জাহাজও ভারতের পথে রওনা দিয়েছে। বর্তমানে হরমুজ প্রণালীর পশ্চিমাংশে ৬১১ জন নাবিকসহ মোট ২২টি ভারতীয় পতাকাবাহী জাহাজ অবস্থান করছে, যাদের নিরাপত্তার দিকে কড়া নজর রাখা হচ্ছে।

ভারত তার প্রয়োজনীয় এলপিজির প্রায় ৬০ শতাংশ এবং অপরিশোধিত তেলের ৮৮ শতাংশ আমদানির ওপর নির্ভরশীল। সম্প্রতি ইরান-ইজরায়েল সংঘাতের জেরে এই সরবরাহ শৃঙ্খলে বড়সড় প্রভাব পড়েছিল, যা বাণিজ্যিক ও শিল্পক্ষেত্রে উদ্বেগের সৃষ্টি করে। তবে একের পর এক ট্যাঙ্কার নিরাপদে দেশে ফেরায় জ্বালানি ঘাটতি মেটানোর পথ প্রশস্ত হলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *