জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর কেন্দ্র, সর্বদলীয় বৈঠকে আশ্বস্ত করল সরকার – এবেলা
এবেলা ডেস্কঃ
দেশে জ্বালানি পরিস্থিতি সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে এবং তেল-গ্যাসবাহী একাধিক জাহাজ ভারতের পথে রয়েছে বলে বুধবার সর্বদলীয় বৈঠকে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ইরান, ইজরায়েল ও আমেরিকার চলমান সংঘাতের জেরে উদ্ভূত পরিস্থিতিতে আয়োজিত এই বৈঠকে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, সংকটের সময়ে সমস্ত রাজনৈতিক দল সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। ভারত অভিমুখে আসা জাহাজগুলোর নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার অগ্রিম বুকিং-সহ প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে।
বৈঠকে বিরোধী দলগুলো হরমুজ প্রণালীর উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলে সরকারের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৪-৫ দিনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ জাহাজ ভারতীয় বন্দরে পৌঁছাবে। বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপর ভারতের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে দাবি করে কেন্দ্র জানায়, প্রয়োজনে যেকোনো সময় বিরোধীদের সঙ্গে পুনরায় আলোচনায় বসতে তারা প্রস্তুত।
তবে সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি এলপিজি ও পিএনজি ব্যবহারে নতুন কিছু নির্দেশিকাও জারি করেছে সংশ্লিষ্ট মন্ত্রক। বর্তমানে সিঙ্গল সিলিন্ডার ২৫ দিন এবং ডাবল সিলিন্ডার ৩৫ দিন অন্তর বুক করা যাবে। এছাড়া যেখানে নলবাহিত গ্যাস বা পিএনজি সংযোগের সুযোগ রয়েছে, সেখানে গ্রাহকরা তা গ্রহণ না করলে আগামী তিন মাসের মধ্যে তাদের এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধ করে দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

