লেটেস্ট নিউজ

জ্বালানিতে ১০ টাকা শুল্ক ছাড় কেন্দ্রের, প্রতি ১৫ দিন অন্তর হবে দর পর্যালোচনা – এবেলা

এবেলা ডেস্কঃ

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির আবহে পেট্রল ও ডিজেলের ওপর লিটারপ্রতি ১০ টাকা অন্তঃশুল্ক কমানোর ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের ফলে পেট্রলের কার্যকর শুল্ক কমে দাঁড়িয়েছে ১১.৯ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে ৭.৮ টাকা। সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের চেয়ারম্যান বিবেক চতুর্বেদী জানিয়েছেন, এখন থেকে প্রতি ১৫ দিন অন্তর জ্বালানি তেলের দাম ও শুল্ক পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

মূলত ইজরায়েল-ইরান সংঘাতের জেরে হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় বিশ্ববাজারে তেলের জোগান বিঘ্নিত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে আমদানিনির্ভর ভারতের ওপর। উদ্ভূত পরিস্থিতিতে দেশের তেল বিপণনকারী সংস্থাগুলোর (ওএমসি) ক্রমবর্ধমান আর্থিক লোকসান রুখতেই মোদী সরকার এই শুল্ক হ্রাসের পদক্ষেপ নিয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজস্বের ঘাটতি হলেও সংস্থাগুলোর ওপর চাপের বোঝা কিছুটা লাঘব হবে বলে মনে করা হচ্ছে।

তবে শুল্ক কমলেও সাধারণ গ্রাহকদের পকেটে এর সুফল পৌঁছানোর সম্ভাবনা ক্ষীণ। ওয়াকিবহাল মহলের মতে, বিশ্ববাজারে তেলের চড়া দামের কারণে দেশীয় সংস্থাগুলো যে ক্ষতির সম্মুখীন হচ্ছিল, তা সামাল দিতেই এই সমন্বয় করা হয়েছে। ফলে খুচরো বাজারে এখনই বড় কোনো দাম কমার আশা নেই। আপাতত আন্তর্জাতিক পরিস্থিতির ওপর নজর রেখে সরকার পরবর্তী ১৫ দিনের পর্যালোচনায় দর নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *