জ্বালানির মূল্যবৃদ্ধি: অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমান ভাড়া বাড়াল এয়ার ইন্ডিয়া – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সারচার্জ বৃদ্ধি করল এয়ার ইন্ডিয়া। সংস্থার দাবি, যুদ্ধ পরিস্থিতিতে বিমান পরিচালনার খরচ প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই বর্ধিত ব্যয়ভার সামাল দিতেই তিনটি ধাপে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, যা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
প্রথম ধাপে ১২ মার্চ থেকে ভারত ও সার্কভুক্ত দেশগুলোর টিকিটে ৩৯৯ টাকা বাড়ছে। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া ও আফ্রিকার রুটে ভাড়া ১০ থেকে ৩০ ডলার পর্যন্ত বৃদ্ধি পাবে। তৃতীয় ধাপে হংকং, কোরিয়া ও জাপানের রুটে ভাড়া বাড়ানোর পরিকল্পনা থাকলেও তার পরিমাণ এখনও জানানো হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, যারা আগে টিকিট কেটেছেন তাদের বাড়তি টাকা দিতে হবে না। তবে যাত্রার তারিখ বা রুট পরিবর্তন করলে নতুন সারচার্জ কার্যকর হবে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেলের বিশ্বব্যাপী সংকটের কারণেই মূলত এই মূল্যবৃদ্ধির পথে হাঁটল বিমান সংস্থাটি।

