জ্বালানির সংকট নেই বলছে কেন্দ্র, তবু বৈঠক বয়কট কেন? TMC-র ইঙ্গিতে নতুন প্রশ্ন – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় ইরান-ইসরায়েল সংঘাতের জেরে উদ্ভূত পরিস্থিতিতে বুধবার দিল্লিতে একটি উচ্চপর্যায়ের সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, এস জয়শঙ্কর ও নির্মলা সীতারমন উপস্থিত থেকে দেশের জ্বালানি নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করেন। সরকার আশ্বস্ত করেছে যে, ভারতে জ্বালানির কোনো সংকট নেই এবং আগামী ৪-৫ দিনের মধ্যে নতুন চালান পৌঁছাবে। এছাড়া সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প চ্যানেলের মাধ্যমে অগ্রিম বুকিং নিশ্চিত করা হয়েছে।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে কংগ্রেস, জেডিইউ এবং সিপিআই(এম) প্রতিনিধিরা উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিল তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী সাগরিকা ঘোষ জানান, সংসদে বিরোধী দলের কণ্ঠরোধ করা হচ্ছে এবং নির্দিষ্ট সমাধান না দিয়ে কেবল আমলাতান্ত্রিক রিপোর্ট পেশ করা হচ্ছে। অন্যদিকে, দলীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার আমন্ত্রণের বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন। তৃণমূলের দাবি, সংসদ অধিবেশন চলাকালীন কনফারেন্স রুমে বৈঠক না ডেকে সদনেই সঠিক জবাবদিহি করা উচিত ছিল।
বৈঠকে বিরোধী দলগুলো পাকিস্তান ও হরমুজ প্রণালী দিয়ে আসা জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলে সরকার জানায়, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। বিদেশসচিব বিক্রম মিশ্রী বর্তমান সংকট মোকাবিলায় ভারতের গৃহীত পদক্ষেপগুলো রাজনৈতিক দলগুলোকে অবহিত করেন। কেন্দ্রীয় সরকার স্পষ্ট করেছে যে, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। জ্বালানি আমদানিতে বৈচিত্র্য আনার মাধ্যমে ভারত যেকোনো বিঘ্ন এড়াতে প্রস্তুত রয়েছে।

