ঝড়-বৃষ্টির রাতে রক্তাক্ত বৃদ্ধের দেবদূত নিউ ব্যারাকপুর থানার পুলিশ, মানবিকতায় ধন্য নেটপাড়া – এবেলা

ঝড়-বৃষ্টির রাতে রক্তাক্ত বৃদ্ধের দেবদূত নিউ বারাকপুর থানার পুলিশ, মানবিকতায় ধন্য নেটপাড়া – এবেলা

এবেলা ডেস্কঃ

বৃহস্পতিবার রাতে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নিউ ব্যারাকপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম আগাপুর তালুকদার মোড়ে এক আশি ছুঁইছুঁই বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করল পুলিশ। রাস্তায় পড়ে থাকা ওই কালিপদ মণ্ডল নামের বৃদ্ধের মুখ ও নাকে চাপচাপ রক্ত লেগেছিল। খবর পেয়েই কালবিলম্ব না করে কর্তব্যরত পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন এবং দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় ডাঃ বি সি রায় জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর তাঁর পরিচয় ও ঠিকানা জানা যায়।

অসুস্থ কালিপদবাবুর বাড়ি মধ্যমগ্রাম পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের শৈলেশনগর দোহারিয়া এলাকায়। চিকিৎসার পর গভীর রাতে ঝড়-বৃষ্টির মাঝেই পুলিশের গাড়িতে করে তাঁকে নিরাপদে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দুঃসময়ে পুলিশের এমন তৎপরতা ও মানবিক রূপ দেখে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বৃদ্ধের পরিবারের সদস্যরা। এই ঘটনাটি পুলিশকে ভয় নয়, বরং ভরসা করার এক অনন্য বার্তা দিল। চরম দুর্যোগের রাতে খাকি উর্দির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সমস্ত স্তরের মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *