ঝড়ের গতিতে মোড় বদল! অভিষেকের জরুরি শুনানির আবেদন খারিজ করে কী বললেন বিচারপতি? – এবেলা

এবেলা ডেস্কঃ
তদন্তের তথ্য সংবাদমাধ্যমে প্রকাশ পাওয়া নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা জরুরি শুনানির আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, চাইলেই কোনও মামলাকে অবকাশকালীন বেঞ্চে পাঠানো যায় না। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, “অবকাশকালীন বেঞ্চ কোনও ডাম্পিং গ্রাউন্ড নয়।” ফলে নির্ধারিত সময়ের আগেই এই মামলার দ্রুত শুনানির আর্জি আপাতত ধোপে টিকল না।
তদন্ত শেষ হওয়ার আগেই সংবাদমাধ্যমে নানা তথ্য প্রকাশিত হওয়ায় জনমানসে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে—এই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। আগামী ডিসেম্বর মাসে মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত থাকলেও, প্রতিদিন তথ্য ফাঁসের আশঙ্কায় অবকাশকালীন বেঞ্চে শুনানির আর্জি জানান তাঁর আইনজীবী। তবে মামলাটির পূর্ববর্তী বিচারিক গতিপ্রকৃতির কথা মাথায় রেখে দ্রুত শুনানিতে সায় দেয়নি আদালত। ফলে নির্ধারিত সময় ডিসেম্বরেই এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।
