ঝাড়গ্রামে আদিবাসী নাবালিকাকে ধর্ষণ! ফাঁসির দাবিতে উত্তপ্ত শিলদা-বাঁকুড়া রাজ্য সড়ক! – এবেলা

এবেলা ডেস্কঃ
ঝাড়গ্রামে আদিবাসী নাবালিকা স্কুলছাত্রীকে জঙ্গল ও টোটোয় তুলে ধর্ষণ করার অভিযোগে এক টোটো চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৩ আগস্ট এই নৃশংস ঘটনা ঘটার পরদিন, অর্থাৎ ২৪ আগস্ট পরিবারের পক্ষ থেকে বেলপাহাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার রাতেই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে তোলে এবং বর্তমানে সে জেল হেফাজতে রয়েছে। এই ঘটনার পর থেকেই এলাকায় চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রবিবার সকাল থেকে অভিযুক্তের কঠোরতম শাস্তি ও ফাঁসির দাবিতে শিলদা-বাঁকুড়া ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা ও আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। দ্রুত তদন্ত সম্পন্ন করা এবং নির্যাতিতার উপযুক্ত নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি তোলেন তাঁরা। এই দীর্ঘ পথ অবরোধের ফলে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যোগাযোগ ব্যবস্থা কার্যত স্তব্ধ হয়ে পড়ে। পরে বেলপাহাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়।
