লেটেস্ট নিউজ

টলিপাড়ার সাত হাজার টেকনিশিয়ানের জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প, সাংসদ দেবের উদ্যোগে সাড়া মুখ্যমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলা চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত প্রায় সাত হাজার টেকনিশিয়ানের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। অভিনেতা ও সাংসদ দেবের বিশেষ অনুরোধে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টলিপাড়ার কর্মীদের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের আওতায় আনার অনুমতি দিয়েছেন। ইতিপূর্বে ফেডারেশন অফ সিনেমা টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার (FCTWEI) সদস্যরা একটি বিমা প্রকল্পের সুবিধা পেতেন, যা বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা অনিশ্চয়তার মুখে পড়েছিলেন।

এই সমস্যা সমাধানে সাংসদ দেব গত ৭ মার্চ মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখে টেকনিশিয়ানদের উদ্বেগের কথা জানান। তিনি অনুরোধ করেন, যেন চলচ্চিত্র শিল্পের এই কর্মীদের সরকারি স্বাস্থ্য বিমার আওতাভুক্ত করা হয়। তাঁর সেই প্রস্তাবে মুখ্যমন্ত্রী সম্মতি দেওয়ায় এখন থেকে কয়েক হাজার টেকনিশিয়ান ও তাঁদের পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন।

এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আগামী ১৭ মার্চ টেকনিশিয়ানস স্টুডিও প্রাঙ্গণে একটি বিশেষ রেজিস্ট্রেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সাংসদ দেব সোশ্যাল মিডিয়ায় এই খবরটি ভাগ করে নিয়ে সমস্ত যোগ্য কর্মীদের ক্যাম্পে উপস্থিত থেকে নাম নথিভুক্ত করার আহ্বান জানিয়েছেন। টলিপাড়ার ক্যামেরার পেছনের কারিগরদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে চলচ্চিত্র মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *