‘টাকা না পেলে অফিসে আসুন’! অন্নপূর্ণা নিয়ে ক্ষোভ সামলাতে এবার ময়দানে রচনা – এবেলা

এবেলা ডেস্কঃ
অন্নপূর্ণা যোজনার অর্থ সময়মতো না মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ বাড়ছে। জবাবদিহি চেয়ে মন্ত্রীদের ঘেরাওয়ের পাশাপাশি অনলাইনেও তৈরি হয়েছে বিভ্রান্তি। এই পরিস্থিতিতে পরিস্থিতি সামলাতে আসরে নেমে হুগলির চুঁচুড়ার এক অনুষ্ঠানে এনসিপিআই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন যে, যোগ্য প্রাপকদের কেউ টাকা না পেলে তাঁর অফিসে যোগাযোগ করলে তিনি নিজেই বিষয়টি খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
তবে সাংসদের এই মন্তব্যের পরেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সরকারি নীতি অনুযায়ী নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলেই কেবল এই প্রকল্পের সুবিধা পাওয়ার কথা। অথচ সকলের অ্যাকাউন্টে টাকা ঢোকার আশ্বাস দেওয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন যে, এই প্রকল্পের প্রকৃত নিয়মকানুন সম্পর্কে কি তবে ওয়াকিবহাল নন শাসকদলের এই সাংসদ? মুখ্যমন্ত্রী ইতিপূর্বেই লক্ষাধিক মহিলার অ্যাকাউন্টে অর্থ পৌঁছানোর দাবি করলেও, ধিকিধিকি জ্বলতে থাকা এই অসন্তোষ কীভাবে প্রশমিত হয়, সেটাই এখন দেখার বিষয়।
