লেটেস্ট নিউজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ছদ্মবেশে ট্রেনে চড়ে বাড়ি ফিরলেন শিবম দুবে – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশ্বকাপ জেতার পর সাধারণত ক্রিকেটারদের রাজকীয় অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয়। কিন্তু ভারতীয় অলরাউন্ডার শিবম দুবের অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আহমেদাবাদ থেকে মুম্বই ফেরার জন্য তিনি বেছে নিয়েছিলেন সাধারণ ট্রেন। তবে ভিড় আর ভক্তদের উন্মাদনা এড়াতে তাঁকে নিতে হয়েছিল ছদ্মবেশের আশ্রয়।

সম্প্রতি নিজের সেই রোমাঞ্চকর ট্রেন যাত্রার অভিজ্ঞতার কথা শুনিয়েছেন এই তারকা ক্রিকেটার। দুবে জানান, চিনে ফেলার ভয়ে তিনি টুপি, মাস্ক এবং ফুলহাতা টি-শার্ট পরে ছদ্মবেশ ধারণ করেছিলেন। ভোর সোয়া পাঁচটার ট্রেন হওয়া সত্ত্বেও স্টেশনে সমর্থকদের উপচে পড়া ভিড় দেখে তিনি কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন। পরিস্থিতি সামাল দিতে স্ত্রী অঞ্জুমকে আগে ট্রেনে পাঠিয়ে নিজে ট্রেন ছাড়ার মাত্র পাঁচ মিনিট আগে কামরায় ওঠেন।

পুরো যাত্রাপথে ট্রেনের উপরের বার্থে শুয়ে নিজেকে আড়াল করে রেখেছিলেন দুবে। এমনকি একবার শৌচাগারে গেলেও কেউ তাঁকে চিনতে পারেনি। তবে আসল দুশ্চিন্তা শুরু হয় মুম্বইয়ের বোরিভলি স্টেশনে নামা নিয়ে। বেলা বাড়লে ভিড় আরও বাড়বে ভেবে তিনি আগেভাগেই পুলিশের সাহায্য চান। প্রথমে পুলিশ অবাক হলেও পরে তাঁদের নিরাপত্তায় স্টেশন থেকে বেরিয়ে দ্রুত বাড়ি পৌঁছান দুবে।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শিবম দুবে। ৩৯ গড় এবং ১৬৯ স্ট্রাইক রেটে ২৩৫ রান করে তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। বিশেষ করে সেমিফাইনাল ও ফাইনালে তাঁর ঝোড়ো ব্যাটিং ভারতের শিরোপা জয়ের পথ প্রশস্ত করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *