টিকা নেওয়ার পরেই নিভে গেল ছোট্ট প্রাণ! হরিণঘাটায় চিকিৎসায় গাফিলতির অভিযোগে তোলপাড় – এবেলা

এবেলা ডেস্কঃ
নদিয়ার হরিণঘাটা থানার নগরউখড়া এলাকায় তিন মাসের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, স্বাস্থ্যকর্মীদের চরম গাফিলতি এবং মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন প্রয়োগের ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। গত ১৩ আগস্ট হাঁড়িপাড়া ঘোষপাড়া হেলথ সেন্টারে ঋষব দাস নামের ওই শিশুকে পোলিওসহ বেশ কয়েকটি টিকা দেওয়া হয়। টিকা নেওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে এবং শরীরের বিভিন্ন অংশ ফুলে যায়। স্থানীয় চিকিৎসকের পরামর্শে প্রথমে তাকে বনগাঁ জেলা হাসপাতালে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার নীলরতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অস্ত্রোপচার করা হলেও শেষরক্ষা হয়নি এবং ২৯ আগস্ট শিশুটির মৃত্যু হয়। পরিবারের আরও অভিযোগ, টিকাকরণের পর কোনো বৈধ নথি বা কার্ড তাদের দেওয়া হয়নি এবং অভিযুক্ত স্বাস্থ্যকর্মী বুলু মিত্র ও আশা কর্মী শিখা ভৌমিকের পক্ষ থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় নগরউখড়া পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি স্থানীয় বিধায়ক ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছেও বিষয়টি জানিয়ে সুবিচার দাবি করেছে শোকস্তব্ধ পরিবার। এই ঘটনায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের টিকা সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে তীব্র প্রশ্ন উঠেছে।
