লেটেস্ট নিউজ

টিকিট না পেয়ে ক্ষুব্ধ মনিরুল, বিদ্রোহ ঘোষণা করে নির্দল লড়াইয়ের জল্পনা – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়তেই ফরাক্কার বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম দলের বিরুদ্ধে সরব হয়েছেন। ৭৪ জন বর্তমান বিধায়কের সঙ্গে তালিকায় নাম না থাকায় তিনি ক্ষোভ উগরে দিয়ে নিজেকে ‘বলির পাঁঠা’ হিসেবে দাবি করেছেন। ফরাক্কায় তাঁর পরিবর্তে সামশেরগঞ্জের বিদায়ী বিধায়ক আমিরুল ইসলামকে প্রার্থী করেছে শাসকদল।

মনিরুল ইসলামের অভিযোগ, বিডিও অফিসে এসআইআর ইস্যুতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাঁকে পরিকল্পিতভাবে টিকিট দেওয়া হয়নি। মঙ্গলবার ফরাক্কা এমএলএ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, সাধারণ মানুষের স্বার্থে সরব হওয়ার খেসারত দিতে হচ্ছে তাঁকে। দলীয় সিদ্ধান্তে বঞ্চনার শিকার হয়ে তিনি কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন।

তৃণমূলের টিকিট না পেলেও নির্বাচনে লড়াই করার বিষয়ে অনড় মনিরুল। তবে তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন নাকি নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রেখেছেন। তাঁর এই অবস্থান ঘিরে স্থানীয় রাজনীতিতে জল্পনা তুঙ্গে উঠেছে, যদিও তাঁর দাদা কাওসার আলিকে সামশেরগঞ্জ থেকে প্রার্থী করেছে তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *