টিসি বিতর্ক থেকে রণক্ষেত্র স্কুল! মালদহে মহিলা কর্মীকে বেধড়ক মার, কাঠগড়ায় প্রধানশিক্ষক – এবেলা

এবেলা ডেস্কঃ
মালদহের বামনগোলার জগদলা হাই স্কুলে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দেওয়াকে কেন্দ্র করে তৈরি হলো চরম উত্তেজনা। অভিযোগ, স্কুলের স্টাফ রুমে ঢুকে এক মহিলা অশিক্ষক কর্মীকে বেধড়ক মারধর করেছে প্রাক্তনী সহ বেশ কয়েকজন ছাত্রছাত্রী। মারধরের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হলেও তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
আক্রান্ত মহিলার দাবি, নথিতে ছাত্রের নামের বানান ভুল থাকায় তিনি টিসি দিতে অস্বীকার করেছিলেন। এই ঘটনায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক (TIC) অমিত হালদার এবং অন্য দুই সহকারী শিক্ষক শিক্ষার্থীদের উস্কানি দিয়ে তাঁর ওপর হামলা চালিয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক এর আগেও তাঁকে যৌন হয়রানি, কুপ্রস্তাব প্রদান এবং অনৈতিক কাজ করানোর চেষ্টা করেছেন। এই ঘটনার পেছনে রাজনৈতিক প্রভাব ও মিড-ডে মিলের দুর্নীতির অভিযোগ তুলে তিনি বামনগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক অমিত হালদার দাবি করেন, ওই কর্মী কোনো কাজ সঠিকভাবে করেন না এবং তিনি নিজেই প্রধানশিক্ষককে গালিগালাজ করে চড় মেরেছেন। এমনকি পরবর্তীতে হাসপাতালে চিকিৎসার জন্য গেলে ওই মহিলা ও তাঁর স্বামী তাঁকে রাস্তায় ফেলে মারধর করেন বলেও তিনি অভিযোগ তোলেন।
ঘটনাটিকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং এই প্রক্রিয়ার সাথে দলের কোনো সম্পর্ক নেই।
