ট্রাফিক নিয়মে বড় বদল, এবার সিগন্যাল ভাঙলেই সোজা ডিজিটাল কোপ, কড়া বার্তা! – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতার পাশাপাশি সংলগ্ন এলাকাতেও এবার ট্রাফিক নিয়ম ভাঙলে পার পাওয়ার উপায় নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-ভিত্তিক উন্নত প্রযুক্তির সাহায্যে সিগন্যাল ভাঙা, ভুল নম্বর প্লেট ব্যবহার কিংবা চুরি যাওয়া গাড়ির ওপর ২৪ ঘণ্টা কড়া নজরদারি চালাবে পরিবহণ দপ্তর। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে শ্রম ও পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানান, অটোমেটিক ক্যামেরার মাধ্যমে পাওয়া তথ্য সরাসরি কন্ট্রোল রুমে পৌঁছাবে এবং স্বয়ংক্রিয়ভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এতে কোনো ম্যানুয়াল হস্তক্ষেপ থাকবে না। একইসঙ্গে রাস্তায় কর্মরত এমভিআই ও আরটিও অফিসারদের বডি ক্যামেরা পরানো এবং অবৈধ পুলকার ও রেজিস্ট্রেশনহীন গাড়ির বিরুদ্ধে এক মাসের সময়সীমা বেঁধে দিয়ে বিশেষ অভিযান চালানোর কথা জানানো হয়েছে।
পরিবহণ ব্যবস্থার পাশাপাশি যাত্রীদের আধুনিক পরিষেবা ও শ্রমকল্যাণেও একগুচ্ছ যুগান্তকারী পদক্ষেপের কথা তুলে ধরা হয়। মন্ত্রী জানান, আসন্ন দুর্গাপূজার আগে ৬০০টি নতুন বাস এবং পরবর্তীকালে সিএনজি ও বৈদ্যুতিক মিলিয়ে মোট ১,০০০ বাস নামানোর পরিকল্পনা রয়েছে। জলপথে নবদ্বীপ থেকে কলকাতা পর্যন্ত জল-ট্যাক্সি চালুর সম্ভাবনা খতিয়ে দেখার পাশাপাশি মুর্শিদাবাদে বিড়ি শ্রমিকদের জন্য ইএসআইসি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের অনুমোদন পাওয়ার কথা ঘোষণা করা হয়। বন্ধ জুটমিল ও চা-বাগান পুনরায় চালু করা, দক্ষ শ্রমিকদের ন্যূনতম মজুরি ৪০৬ টাকা নির্ধারণ এবং পিএফ ও ইএসআই বাধ্যতামূলক করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে। চার আরটিও কর্মকর্তা সাসপেন্ড এবং দু’জনকে গ্রেপ্তারের কথা জানিয়ে অর্জুন সিং দুর্নীতিদমনে জিরো টলারেন্স নীতি বজায় রাখার স্পষ্ট বার্তা দেন।
