লেটেস্ট নিউজ

ট্রাম্পের আলটিমেটাম: ইরানে মার্কিন হামলার আশঙ্কায় বিদ্যুৎ ও জলসংকটের ঝুঁকিতে উপসাগরীয় চার দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ পর্যায়ে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজ চলাচল স্বাভাবিক না হলে মার্কিন বাহিনী ইরানের বিদ্যুৎ পরিকাঠামো ধ্বংস করে দেবে। এই উত্তপ্ত পরিস্থিতিতে পালটা হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। ইরানের দাবি, তাদের ওপর হামলা হলে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার সমস্ত বিদ্যুৎ ও জল পরিশোধন কেন্দ্রগুলিকে লক্ষ্যবস্তু করবে, যা এই অঞ্চলের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ হিতে বিপরীত হতে পারে। বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরশাহি এবং সৌদি আরবের মতো দেশগুলি পানীয় জলের জন্য বিদ্যুৎচালিত জল পরিশোধন কেন্দ্রের ওপর নির্ভরশীল। বাহরাইন ও কাতারের ১০০ শতাংশ এবং সৌদি আরবের অর্ধেক পানীয় জল এই পদ্ধতিতেই আসে। ফলে সংঘাত শুরু হলে ইরান দ্রুত প্রত্যাঘাত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে গোটা উপসাগরীয় অঞ্চলের জনজীবন সম্পূর্ণ স্থবির হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী স্পষ্ট জানিয়েছে, ট্রাম্পের আলটিমেটাম কার্যকর করা হলে তারা হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেবে। পাশাপাশি, দেশটির পার্লামেন্ট স্পিকারও জানিয়েছেন যে, মধ্যপ্রাচ্যের বিদ্যুৎকেন্দ্রগুলি এমনভাবে ধ্বংস করা হবে যা পুনর্নির্মাণ করা আসাম্ভব হয়ে পড়বে। কোটি কোটি মানুষের ভবিষ্যৎ এবং বিস্তীর্ণ অঞ্চলের জননিরাপত্তার কথা মাথায় রেখে আন্তর্জাতিক মহল এখন চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। মার্কিন সেনা পরবর্তী কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *