ট্রাম্পের গড়ে এবার বিদ্রোহের আগুন! ইরান যুদ্ধ রুখতে রাজপথে আছড়ে পড়ল ৯০ লক্ষ মানুষের জনস্রোত – এবেলা
এবেলা ডেস্কঃ
ওয়াশিংটন থেকে লন্ডন সর্বত্রই এখন একটাই গর্জন— ‘আমেরিকায় কোনো রাজা চাই না’। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে আমেরিকা ও ইউরোপের রাজপথ। শনিবার আয়োজিত ‘নো কিংস’ কর্মসূচিতে অংশগ্রহণকারীর সংখ্যা অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। আয়োজকদের দাবি অনুযায়ী, এবার প্রায় ৯০ লক্ষ মানুষ এই বিক্ষোভে সামিল হয়েছেন।
সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, ট্রাম্পের খাসতালুক হিসেবে পরিচিত দ্রিগস শহরেও দেখা গিয়েছে প্রতিবাদের প্রবল ঢেউ। ২০২৪ সালের নির্বাচনে যেখান থেকে ৬৬ শতাংশ ভোট পেয়েছিলেন ট্রাম্প, সেই গড়ে এই গণবিক্ষোভ হোয়াইট হাউসের কপালে চিন্তার ভাঁজ পড়ার জন্য যথেষ্ট। আমেরিকার ৫০টি অঙ্গরাজ্যে ৩ হাজার ১০০-র বেশি কর্মসূচি পালিত হয়েছে এই দিন।
গত বছরের জুন থেকে শুরু হওয়া এই আন্দোলনে জনসমাগম ক্রমশ বাড়ছে। জুনে যেখানে ৫০ লক্ষ মানুষ পথে নেমেছিলেন, অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছিল ৭০ লক্ষে। এবার সেই সংখ্যা কোটির কাছাকাছি পৌঁছে যাওয়ায় চাপে প্রশাসন। তবে হোয়াইট হাউস মুখপাত্র অ্যাবিগলি জ্যাকসন এই আন্দোলনকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তাঁর দাবি, এই বিক্ষোভ বামপন্থীদের আর্থিক মদতপুষ্ট এবং এতে সাধারণ মানুষের কোনো সমর্থন নেই।
অন্যদিকে, এই প্রতিবাদের ঢেউ কেবল আমেরিকাতেই সীমাবদ্ধ থাকেনি। লন্ডন, রোম, প্যারিস থেকে শুরু করে অস্ট্রেলিয়ার রাজপথও আজ ট্রাম্প বিরোধী স্লোগানে মুখরিত। যুদ্ধ নয়, শান্তির দাবিতে বিশ্বজুড়ে যে জনমত তৈরি হচ্ছে, তা আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

