লেটেস্ট নিউজ

ট্রাম্পের চাপ উপেক্ষা করে রুশ তেল আমদানিতে অনড় ভারত, স্পষ্ট করল মস্কো

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ সত্ত্বেও রাশিয়া থেকে তেল আমদানি কমানোর বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছে মস্কো। সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছিল, চলতি বছরের জানুয়ারিতে গত বছরের তুলনায় রুশ পণ্য আমদানি প্রায় ৪০.৫ শতাংশ হ্রাস পেয়েছে। তবে রাশিয়ার বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পষ্টভাবে জানিয়েছেন, ভারতের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি এবং রুশ তেল কেনা নিয়ে দুই দেশই লাভবান হচ্ছে।

বাণিজ্য চুক্তির শর্ত হিসেবে ভারত রুশ তেল কেনা বন্ধ করবে বলে ইতিপূর্বে দাবি করেছিলেন ট্রাম্প ও মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। এই প্রেক্ষাপটে পরিসংখ্যান ঘিরে জল্পনা তৈরি হলেও মস্কোর দাবি, বিশ্ববাজারের স্থিতাবস্থা বজায় রাখতে ভারতের রুশ তেল আমদানি অপরিহার্ত। রাশিয়ার মোট রপ্তানি পণ্যের প্রায় ৮০ শতাংশই তেল হওয়ায় এই বাণিজ্যিক সম্পর্ক কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নয়াদিল্লি এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও জাখারোভার বক্তব্যে পরিষ্কার যে, ওয়াশিংটনের চোখরাঙানি দুই দেশের জ্বালানি সহযোগিতায় বাধা হতে পারেনি। জাখারোভা আরও অভিযোগ করেন, আমেরিকা স্বাধীন দেশগুলোর অধিকারে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। ফলে মার্কিন চাপের মুখেও ভারত ও রাশিয়ার মধ্যকার দীর্ঘমেয়াদী জ্বালানি অংশীদারিত্ব আগের মতোই অটুট রয়েছে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *