ট্রাম্পের দাবি ওড়াল মস্কো, রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতের অবস্থান ঘিরে তুঙ্গে তরজা – এবেলা
এবেলা ডেস্কঃ
আমেরিকার দাবিকে স্রেফ ‘উড়িয়ে’ দিল রাশিয়া। নয়াদিল্লি মস্কো থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে বলে ওয়াশিংটন যে দাবি করেছিল, তাকে ভিত্তিহীন বলে দাগিয়ে দিল ক্রেমলিন। বুধবার রুশ বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারতের জ্বালানি নীতিতে কোনো বদল এসেছে বলে বিশ্বাস করার কোনো কারণ নেই। উল্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিদেশমন্ত্রী মার্কো রুবিও যেভাবে স্বাধীন দেশগুলোকে নির্দেশ দেওয়ার চেষ্টা করছেন, তার কড়া সমালোচনা করেছে মস্কো।
মস্কোর দাবি, ভারত ও রাশিয়ার এই বাণিজ্যিক সম্পর্ক দুই দেশের জন্যই লাভজনক এবং এটি আন্তর্জাতিক বাজারে জ্বালানির স্থিতিশীলতা বজায় রাখে। উল্লেখ্য, সম্প্রতি ট্রাম্প প্রশাসন দাবি করেছিল যে ভারতের সঙ্গে বাণিজ্যিক চুক্তির অংশ হিসেবে নয়াদিল্লি রুশ তেল আমদানিতে ইতি টানছে। যদিও এই বিষয়ে ভারত সরকার এখনও পর্যন্ত কোনো সরকারি শিলমোহর দেয়নি। সাউথ ব্লকের অবস্থান আগের মতোই স্পষ্ট— জ্বালানি আমদানির ক্ষেত্রে ভারতের ‘জাতীয় স্বার্থ’ই হবে শেষ কথা।

