ট্রাম্পের দ্বিমুখী নীতি: আলোচনার টেবিলে ইরানকে বশ করতে ‘চূড়ান্ত হামলার’ ছক – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের এক মাস অতিবাহিত হলেও উত্তেজনা প্রশমনের কোনো লক্ষণ নেই। যুদ্ধবিরতির জন্য উভয় পক্ষ একে অপরের ওপর শর্ত আরোপ করলেও তা বাস্তবায়িত হচ্ছে না। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক কঠোর পরিকল্পনার তথ্য সামনে এসেছে। জানা গেছে, তেহরানের সঙ্গে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানজুড়ে এক ভয়াবহ ‘চূড়ান্ত হামলার’ প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী।
মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-এর প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প আলোচনার পাশাপাশি সামরিক প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছেন। পেন্টাগন সূত্র জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ খার্ক, লারাক বা আবু মুসারে এই আক্রমণ হতে পারে। এই পরিকল্পনায় বিমান হামলার পাশাপাশি প্রথমবারের মতো বড় ধরনের স্থলবাহিনী মোতায়েনের ইঙ্গিত পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১০ হাজার সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস।
মূলত ইরানকে আলোচনার টেবিলে নতি স্বীকার করতে বাধ্য করতেই এই দ্বিমুখী কৌশল নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান শুরু থেকেই আমেরিকার এই দাবি ও শর্তগুলো প্রত্যাখ্যান করে আসছে। তেহরান স্পষ্ট জানিয়েছে, তারা কোনো যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি। ওয়াশিংটন ও তেহরানের এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্যে সংঘাতের আঁচ আরও বাড়িয়ে তুলেছে, যা বিশ্বজুড়ে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে।

