ট্রাম্পের শুল্ক নীতিতে মার্কিন সুপ্রিম কোর্টের ধাক্কা: মোদির তড়িঘড়ি চুক্তিতে সরব বিরোধীরা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একপেশে শুল্ক আরোপের সিদ্ধান্তকে এক্তিয়ার বহির্ভূত বলে ঘোষণা করল সে দেশের সুপ্রিম কোর্ট। এই রায়ের পর ট্রাম্প সমস্ত দেশের জন্য সাময়িকভাবে ১০ শতাংশ অভিন্ন শুল্কের বিজ্ঞপ্তি জারি করেছেন। এর ফলে ভারতের ওপর আরোপিত ১৮ শতাংশ শুল্ক কমলেও, গত এক মাস ধরে দেওয়া অতিরিক্ত অর্থের কোনো রিফান্ড মিলবে না বলে স্পষ্ট জানিয়েছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে ভারতীয় শিল্পমহলে বড়সড় লোকসানের আশঙ্কা দেখা দিয়েছে।
শীর্ষ আদালতের রায়ের অপেক্ষা না করে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তড়িঘড়ি এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ভারতের বর্তমান বিদেশ নীতিকে ‘অসার’ বলে কটাক্ষ করেছেন। দেশের ১৪০ কোটি মানুষের স্বার্থ বিসর্জন দিয়ে প্রধানমন্ত্রী কোন চাপে পড়ে এই একপেশে বাণিজ্যিক জালে জড়িয়েছেন, সেই ব্যাখ্যাও দাবি করেছে কংগ্রেস।
মার্কিন সুপ্রিম কোর্টের এই রায়কে ‘নির্বোধের মতো আচরণ’ বলে তোপ দেগেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, ১০ শতাংশ শুল্কের এই সিদ্ধান্ত নেহাতই সাময়িক এবং প্রয়োজনে তিনি পুনরায় আদালতের রায়ের বিরুদ্ধে যেতে পারেন। অন্যদিকে, মার্কিন শিল্পপতি ও প্রতিবাদী রাজ্যগুলি আদালতের এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করলেও, ভারতীয় রফতানিকারীদের জন্য বর্ধিত শুল্ক ফেরত না পাওয়ার বিষয়টি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

