ট্রাম্পের হাতে নয়া অস্ত্র: রুশ তেল কিনলে ভারতের পণ্যে ১০০% শুল্কের খাঁড়া? – এবেলা

এবেলা ডেস্কঃ
September 17, 20269:58 am
রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে মার্কিন প্রতিনিধি সভায় (হাউস অফ রিপ্রেজেন্টেটিভস) পাশ হলো কঠোর বিল ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬’। ২৬২-১৫৯ ভোটে পাশ হওয়া এই বিলটি এখন চূড়ান্ত স্বাক্ষরের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যাবে। বিলটি আইনে পরিণত হলে ভারত ও চীনের মতো রুশ জ্বালানি কেনা শীর্ষ দেশগুলোর রফতানি পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর আইনি ক্ষমতা পাবে ট্রাম্প প্রশাসন।
বিলের মূল প্রস্তাবনা:
- আমদানিকারকদের ওপর শুল্ক: রাশিয়ার তেল ও গ্যাসের শীর্ষ ৫টি আমদানিকারক দেশের ওপর ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ ১০০% পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারবে।
- শর্তসাপেক্ষ ছাড়: যেসব দেশ রাশিয়ার মোট প্রাকৃতিক গ্যাসের ১৫ শতাংশের কম আমদানি করে এবং রুশ জ্বালানির ওপর নির্ভরতা কমাতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে, তারা বিশেষ ছাড় পাবে।
- শ্যাডো ফ্লিটে কোপ: রাশিয়ার তেল পরিবহণে ব্যবহৃত অবৈধ ‘শ্যাডো ফ্লিট’ ট্যাঙ্কার, গুরুত্বপূর্ণ ব্যাংক এবং শীর্ষ আধিকারিকদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। পাশাপাশি এতে ইরানের ওপরও বিধিনিষেধ যুক্ত রয়েছে।
ভারতের ওপর সম্ভাব্য প্রভাব: ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করে আসছে। ফলে নতুন আইন কার্যকর হলে ভারতীয় পণ্যের ওপর বিপুল শুল্ক আরোপের ঝুঁকি তৈরি হচ্ছে। তবে এই বিল পাশ হওয়া মানেই যে এখনই ভারতের ওপর শুল্ক বসে গেল—এমন নয়। বিলটি ট্রাম্পকে কেবল এই সিদ্ধান্ত নেওয়ার আইনি অধিকার দিচ্ছে; বাস্তবে ভারত বা অন্য মিত্র দেশগুলোর ওপর কতটা শুল্ক বসানো হবে, তা মার্কিন প্রশাসনের পরবর্তী রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
