ট্রাম্পের হুংকারে চাপে জেলেনস্কি বৈঠকের আগেই রাশিয়ার সাথে আলোচনার বড় ইঙ্গিত
ফ্লোরিডায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের আগেই কড়া বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়েছেন যে, তার অনুমোদন ছাড়া শান্তি প্রক্রিয়ায় জেলেনস্কির একক কোনো নিয়ন্ত্রণ নেই। রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে ওয়াশিংটনের তৈরি ২০ দফার শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার মাঝেই ট্রাম্পের এমন মন্তব্য ইউক্রেনের ওপর চাপ বাড়ালো বলে মনে করা হচ্ছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি দ্রুত ভ্লাদিমির পুতিনের সঙ্গেও আলোচনায় বসতে পারেন।
শান্তি আলোচনার অংশ হিসেবে জেলেনস্কি ২০ দফার প্রস্তাবে গণভোট করতে রাজি হলেও ৬০ দিনের যুদ্ধবিরতির শর্ত দিয়েছেন। অন্যদিকে, রাশিয়া ডনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এই অচলাবস্থা কাটাতে আমেরিকা বিতর্কিত অঞ্চলে ‘ফ্রি ইকোনমিক জোন’ গঠনের প্রস্তাব দিলেও ইউক্রেন ও রাশিয়ার বিপরীতমুখী অবস্থানে ফ্লোরিডার এই বৈঠক এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। রক্তক্ষয়ী এই যুদ্ধ বন্ধে ট্রাম্পের মধ্যস্থতা শেষ পর্যন্ত কোন পথে হাঁটে, সেদিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল।

