ট্রাম্পের হুমকির পাল্টা জবাবে কানাডার গোপন রণকৌশল মুজাহিদিনদের কায়দায় যুদ্ধের প্রস্তুতি – এবেলা
এবেলা ডেস্কঃ
ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পর থেকেই কানাডাকে আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার জল্পনা বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। সম্প্রতি ট্রুথ সোশ্যাল মিডিয়ায় কানাডাকে আমেরিকার অংশ হিসেবে দেখানো একটি ছবি পোস্ট করেছেন ট্রাম্প, যা উত্তেজনা আরও বাড়িয়েছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য মার্কিন দখলদারিত্ব রুখতে অদ্ভুত এক সামরিক প্রস্তুতি শুরু করেছে কানাডা। সূত্রের খবর, আফগানিস্তানে মুজাহিদিনরা যেভাবে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন বাহিনীকে নাজেহাল করেছিল, কানাডার সেনাবাহিনীও সেই ‘হিট অ্যান্ড রান’ কৌশলে মার্কিন বাহিনীকে প্রতিরোধের পরিকল্পনা করছে।
এই কৌশলের অংশ হিসেবে কানাডা বড় ধরনের আইইডি বিস্ফোরণ এবং ড্রোন হামলার মাধ্যমে শত্রু পক্ষকে বড়সড় ক্ষয়ক্ষতি করার ছক কষছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে তারা আমেরিকার শক্তিশালী ট্যাঙ্ক ধ্বংস করতে অত্যাধুনিক ড্রোনের ব্যবহার এবং চোরাগোপ্তা হামলার ওপর জোর দিচ্ছে। একদিকে যখন গ্রিনল্যান্ড ও গাজা নিয়ে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের বিবাদ তুঙ্গে, তখন উত্তর আমেরিকার এই প্রতিবেশী দেশটির সামরিক রণকৌশল বদল আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

