ঠাকুরনগরের বারুনি মেলায় জাল নোটের কারবার! কেনাকাটা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন মহিলা – এবেলা
এবেলা ডেস্কঃ
ঠাকুরনগর, নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনার ঐতিহ্যবাহী বারুনি মেলায় জাল নোট চক্রের হদিশ মিলল। মেলায় কেনাকাটা করার সময় জাল নোট দেওয়ার অভিযোগে এক মধ্যবয়সী মহিলাকে আটক করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে মতুয়াদের এই বৃহত্তম মেলা প্রাঙ্গণে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, গত ১৬ মার্চ থেকে শুরু হওয়া এই মেলায় কয়েকদিন ধরেই জাল নোট ব্যবহারের অভিযোগ আসছিল ব্যবসায়ীদের কাছ থেকে। সম্প্রতি মেলার একটি দোকানে ওই মহিলা কেনাকাটা সেরে টাকা মেটানোর সময় এক ব্যবসায়ীর সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে মেলা কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেওয়া হলে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাঁর কাছ থেকে বেশ কিছু জাল নোট উদ্ধার হয়।
পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলা কোথা থেকে এই জাল নোট পেলেন এবং এর পেছনে বড় কোনো চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মেলার স্বেচ্ছাসেবক ইনচার্জ জানান, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও পুলিশ কড়া নজরদারি চালাচ্ছে। উল্লেখ্য, এ বছর দীর্ঘদিনের পারিবারিক বিবাদ ভুলে শান্তনু ঠাকুর ও মমতা ঠাকুর একজোট হয়ে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথির এই মেলা পরিচালনা করছেন, যার মাঝেই এই অঘটন মেলার নিরাপত্তায় বড় প্রশ্ন তুলে দিল।

