ঠোঁটে কৃষ্ণনাম, নেপথ্যে মঠ লুটের ভয়ঙ্কর ফন্দি! শেষরক্ষা হলো না ভণ্ড সাধুর – এবেলা

এবেলা ডেস্কঃ
ঠোঁটে সব সময় কৃষ্ণনাম ও মুখে ভক্তিভাব দেখিয়ে দক্ষিণ কলকাতার চেতলার একটি বৈষ্ণব মঠে আশ্রয় নিয়ে আড়াই লাখ টাকা ও মূল্যবান সামগ্রী চুরির অভিযোগে পলাশ মণ্ডল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাগবাজার ও দমদমসহ বিভিন্ন এলাকার বৈষ্ণব মঠগুলিকে টার্গেট করে সাধুর বেশে দিনের পর দিন চুরি চালিয়ে আসছিল সে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের মূল কৌশল হলো সাধুর রূপ ধরে মঠে কিছু দিন আশ্রয় নেওয়া এবং সুযোগ বুঝে ক্যাশবাক্স বা সিন্দুক ভেঙে নগদ টাকা ও সোনাদানা নিয়ে চম্পট দেওয়া। চেতলায় চুরির ঘটনার পর পুরীতে পালিয়ে গিয়ে নতুন করে অপরাধের পরিকল্পনা ছিল তার।
তদন্তে নেমে চেতলা থানার পুলিশ জানতে পারে, ধৃত পলাশ আগে থেকেই একাধিক অপরাধের সঙ্গে যুক্ত এবং অতীতে মাদক পাচার ও তোলাবাজির অভিযোগে জেল খেটেছে। জেল থেকে ছাড়া পাওয়ার পর স্ত্রী ও সন্তানকে নিয়ে বেলঘরিয়ায় বসবাস করলেও বর্তমানে সে বিভিন্ন এলাকায় লুকিয়ে বেড়াত এবং নৈহাটিতে গিয়ে মোবাইল ব্যবহার করে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখত। অবশেষে গোপন খবরের ভিত্তিতে আগরপাড়ার একটি গ্যারেজ থেকে তাকে ধরতে গেলে সে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ ধাওয়া করে তাকে পাকড়াও করে। বর্তমানে তার কাছ থেকে লুটের টাকা উদ্ধার ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে পুলিশ প্রশাসন।
