লেটেস্ট নিউজ

ডাকঘরে বোমাতঙ্ক! বর্ধমান ও হাওড়ায় তীব্র চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ

বৃহস্পতিবারের ব্যস্ত দুপুরে আচমকাই থমকে যায় পূর্ব বর্ধমানের প্রধান ডাকঘরের কাজ। জানা গিয়েছে, ডাকঘর কর্তৃপক্ষের কাছে একটি উড়ো ইমেল আসে, যেখানে দাবি করা হয় যে ডাকঘর ভবনের ভেতরেই বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে। ইমেলটি পাওয়ার পরপরই কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত গোটা ভবনটি খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়। আতঙ্কিত কর্মীরা হুড়মুড় করে বাইরে বেরিয়ে আসেন এবং সেই সময় ডাকঘরে উপস্থিত থাকা গ্রাহকদেরও দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং বম্ব স্কোয়াড। মেটাল ডিটেক্টর ও স্নিফার ডগ নিয়ে শুরু হয় তল্লাশি অভিযান। তবে চাঞ্চল্য আরও বাড়ে যখন জানা যায় যে, ঠিক একই সময়ে হাওড়ার প্রধান ডাকঘরেও একই ধরনের একটি হুমকিমূলক ইমেল পাঠানো হয়েছে। একই সাথে দুই বড় জেলার গুরুত্বপূর্ণ সরকারি দফতরে এমন হুমকির ঘটনায় কোনো বড়সড় চক্র সক্রিয় রয়েছে কি না, তা নিয়ে দানা বাঁধছে রহস্য।

উল্লেখ্য, রাজ্যে গত কয়েকদিন ধরেই এই ধরণের ‘হুমকি ইমেল’ পাঠানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি কলকাতার একাধিক আদালতেও একইভাবে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ার খবর সামনে এসেছিল। বারবার এই ধরণের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে এখনও পর্যন্ত ডাকঘর ভবনগুলি থেকে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া গেছে কি না, সে বিষয়ে পুলিশ স্পষ্ট কিছু জানায়নি। সাইবার সেল খতিয়ে দেখছে ঠিক কোথা থেকে এবং কোন উদ্দেশ্যে এই বিভ্রান্তিকর বা নাশকতামূলক ইমেলগুলি পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *