ডিএ ধর্মঘটে অনুপস্থিত থাকলেই কাটা যাবে বেতন ও সার্ভিস ব্রেক কড়া নির্দেশিকা জারি করল নবান্ন – এবেলা
এবেলা ডেস্কঃ
বকেয়া ডিএ-র দাবিতে শুক্রবার রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। আন্দোলনের এই আবহে সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। প্রশাসনের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, শুক্রবার রাজ্যের সমস্ত সরকারি দফতর খোলা থাকবে এবং কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক। কোনো কর্মী ওইদিন অনুপস্থিত থাকলে তাকে ‘ডাইস নন’ হিসেবে গণ্য করা হবে, যার ফলে ওই দিনের বেতন কাটা যাবে এবং কর্মজীবনেও তার প্রভাব পড়বে।
নবান্নের নির্দেশিকায় বলা হয়েছে, ধর্মঘটের দিন কোনো সাধারণ ছুটি মঞ্জুর করা হবে না। শুধুমাত্র গুরুতর অসুস্থতা, হাসপাতালে ভর্তি, পরিবারের কোনো সদস্যের মৃত্যু, মাতৃত্বকালীন ছুটি বা আগে থেকে অনুমোদিত ছুটির ক্ষেত্রেই ছাড় পাওয়া যাবে। বিনা অনুমতিতে কেউ অনুপস্থিত থাকলে তাকে কারণ দর্শানোর নোটিস বা শো-কজ করা হবে। সন্তোষজনক জবাব দিতে না পারলে সংশ্লিষ্ট কর্মীর প্রাপ্য ছুটি বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। আগামী ৩০ মার্চের মধ্যে প্রতিটি দফতরকে ওই দিনের উপস্থিতির হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, আন্দোলনের পক্ষে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের নেতা ভাস্কর ঘোষ প্রশাসনের এই হুঁশিয়ারিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, বাংলা একজনের নির্দেশে চলে না, আইন মেনে চলে। আগামী ১৩ মার্চ বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। উল্লেখ্য, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মে মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল Supreme \titleonly কোর্ট। তবে রাজ্য সরকার প্রশাসনিক ও প্রযুক্তিগত সমস্যার কথা জানিয়ে শীর্ষ আদালতের কাছে সময় বৃদ্ধির আবেদন করেছে। বকেয়া টাকা না পাওয়ায় সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে, যা শুক্রবারের ধর্মঘটকে কেন্দ্র করে আরও তীব্র রূপ নিয়েছে।

