ডিএ মামলায় রাজ সরকারি কর্মীদের জন্য সুপ্রিম কোর্টের বিরাট চমক – এবেলা

এবেলা ডেস্কঃ
সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত ডিএ (Dearness Allowance) বা মহার্ঘ ভাতা মামলার শুনানির দিনক্ষণে এলো বড় পরিবর্তন। পূর্ব নির্ধারিত সূচি পরিবর্তন করে শুনানির তারিখ অনেকটাই এগিয়ে এনেছে শীর্ষ আদালত। সামাজিক মাধ্যমে এই গুরুত্বপূর্ণ খবরটি প্রকাশ করেছেন ডিএ মামলাকারী তথা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৭ অক্টোবরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর এই হাইভোল্টেজ মামলার শুনানি অনুষ্ঠিত হবে। দেশের সর্বোচ্চ আদালতের মাননীয় বিচারপতি পি. কে. মিশ্র এবং বিচারপতি চন্দ্রশেখরের ডিভিশন বেঞ্চে পঞ্চম বেতন কমিশনের আওতাধীন এই বকেয়া সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
শুনানির তারিখ এগিয়ে আসার এই খবরে স্বাভাবিকভাবেই রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও আনন্দ উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যমে কর্মী মহলের একাংশ একে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন এবং মামলাটি দ্রুত নিষ্পত্তির আশা ব্যক্ত করছেন। অনেকে আশা প্রকাশ করছেন যেন শুনানি চলাকালীন শিক্ষা সংক্রান্ত বিভিন্ন অনুদানপ্রাপ্ত কর্মীদের সমস্যাও আদালতের নজরে আনা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর এই মামলায় চূড়ান্ত কী রায় আসে এবং কর্মচারীদের বকেয়া মেটানোর বিষয়ে সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মী।
