ড্রেনের নোংরা জলে কেন ভাসছে ভোটার কার্ড, পরিচয় কি তবে সস্তা হয়ে গেল – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক : আপনার অতি প্রয়োজনীয় সরকারি নথি কি তবে ড্রেনের আবর্জনায়? শনিবার চন্দ্রকোনা পুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের গোঁসাইবাজারে ড্রেনের ভেতরে ২০-২২টি ভোটার কার্ড পড়ে থাকতে দেখে স্থানীয়দের চোখ কপালে উঠেছে। ব্যক্তিগত তথ্যের এমন চূড়ান্ত অবমাননা দেখে আমজনতার মনে এখন একটাই ভয়, তাঁদের পরিচয়পত্রগুলো কি সত্যিই নিরাপদ হাতে আছে?
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্ডগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া প্রতিটি কার্ডই বেশ পুরনো এবং চন্দ্রকোনার বিভিন্ন এলাকার বাসিন্দাদের ঠিকানায় ইস্যু করা। সাধারণ মানুষের অধিকার ও পরিচয়ের প্রতীক এই কার্ডগুলো কীভাবে ড্রেনে এল, তার পেছনে কোনো বড় ষড়যন্ত্র আছে কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে এই ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়েছে।

