ঢাকায় ছিনতাইকারীর হামলায় প্রাণ হারালেন প্রধান শিক্ষিকা, সংসদ ভবনের সামনে মর্মান্তিক দুর্ঘটনা – এবেলা

ঢাকায় ছিনতাইকারীর হামলায় প্রাণ হারালেন প্রধান শিক্ষিকা, সংসদ ভবনের সামনে মর্মান্তিক দুর্ঘটনা – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজধানী ঢাকার সংসদ ভবনের মতো সুরক্ষিত এলাকায় ছিনতাইকারীর হামলায় প্রাণ হারিয়েছেন রনজিনা পারভীন (৫৫) নামে এক প্রধান শিক্ষিকা। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চোখের চিকিৎসার উদ্দেশ্যে শুক্রবার রাতে বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন রনজিনা পারভীন। শনিবার ভোর সাড়ে ৬টা নাগাদ তিনি গাবতলী বাস টার্মিনালে নেমে একটি রিকশা নিয়ে ফার্মগেটের ‘ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল’-এর দিকে যাচ্ছিলেন। রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে এসে এক ছিনতাইকারী পেছন থেকে তাঁর ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়।

ছিনতাইকারীর তীব্র টানে ভারসাম্য হারিয়ে চলন্ত রিকশা থেকে শক্ত রাস্তায় ছিটকে পড়েন ওই শিক্ষিকা। এতে তাঁর মাথায় মারাত্মক আঘাত লাগে এবং রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, ঘাতক মোটরসাইকেল ও ছিনতাইকারীকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *