ঢোল বাজিয়ে অভিনব প্রচার তৃণমূল প্রার্থীর, শালতোড়ায় চ্যালেঞ্জের মুখে বিজেপি – এবেলা
এবেলা ডেস্কঃ
শালতোড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বাউরি জনসংযোগে নতুন মাত্রা যোগ করতে ঢোল বাজিয়ে বাড়ি বাড়ি প্রচার শুরু করেছেন। বাঁকুড়ার কানুড়ি অঞ্চলে ব্লক সভাপতি সন্তোষকুমার মণ্ডলকে সঙ্গে নিয়ে দিনভর প্রচার সারেন তিনি। পুরনো দিনের ঢেঁড়া পিটিয়ে বার্তা দেওয়ার কায়দায় ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে দেখা যায় তাঁকে। এই অভিনব প্রচারে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
প্রচার চলাকালীন উত্তম বাউরি দাবি করেন, গত নির্বাচনে জেতার পর বিজেপি বিধায়ককে এলাকায় দেখা যায়নি। কেন্দ্রীয় বঞ্চনা ও আবাস যোজনার টাকা আটকে রাখার ফলে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। অন্যদিকে, রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের সুফল পাওয়ায় মানুষ তৃণমূলের পাশেই আছেন বলে তিনি জানান। তাঁর মতে, এবারের নির্বাচনে এই জনসমর্থনের জোয়ারে বিজেপি কর্পূরের মতো উবে যাবে।
পাল্টা প্রচারে নেমেছেন বিদায়ী বিজেপি বিধায়ক চন্দনা বাউরিও। পাবরা অঞ্চলে কর্মীদের নিয়ে জনসংযোগ করার সময় তিনি জানান, মোদি সরকারই দেশকে প্রকৃত উন্নয়নের স্বাদ দিয়েছে। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গঠিত হলে ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন পূরণ হবে বলে তিনি আশাপ্রকাশ করেন। তবে ধতলা বাউরি পাড়ার মতো এলাকাগুলোতে গতবারের তুলনায় এবার তৃণমূল প্রার্থীর প্রতি বাড়তি উন্মাদনা রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

