তথ্য যাচাই না হওয়ায় রাজ্যে ১২ লক্ষ গ্রাহকের রেশন বন্ধের আশঙ্কা – এবেলা
এবেলা ডেস্কঃ
কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী ৩১ মার্চের মধ্যে রেশন কার্ডের তথ্য যাচাই প্রক্রিয়া সম্পন্ন না হলে এপ্রিলেই রাজ্যে প্রায় ১২ লক্ষ গ্রাহকের খাদ্য সরবরাহ বন্ধ হতে পারে। দেশজুড়ে প্রায় ৮০ লক্ষ গ্রাহক এই একই ঝুঁকির মুখে রয়েছেন। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে অন্তত ৯০ শতাংশ যাচাই সম্পন্ন না হলে ভর্তুকিযুক্ত চাল ও গম সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।
পশ্চিমবঙ্গে মোট ১৭ লক্ষ ২৯ হাজার ৮০২ জন গ্রাহকের তথ্য যাচাইয়ের লক্ষ্যমাত্রা থাকলেও এখন পর্যন্ত মাত্র ৩১ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রায় ৪.৫ লক্ষ কার্ডের যাচাই প্রক্রিয়ায় ৩ লক্ষ ৫৮ হাজার কার্ড বাতিল হয়েছে এবং ১ লক্ষ ৮৭ হাজার বৈধ হিসেবে চিহ্নিত হয়েছে। প্রশাসনিক ব্যস্ততা ও নির্বাচনের কারণে রাজ্যে এই যাচাই প্রক্রিয়া ধীরগতিতে চলায় এখনো ১২ লক্ষ কার্ডের ভাগ্য ঝুলে রয়েছে।
রেশন ডিলারদের সংগঠন সময়সীমা বাড়ানোর দাবি জানালেও কেন্দ্র ভর্তুকি কমানোর লক্ষ্যে অনড় রয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে জাতীয় প্রকল্পের আওতায় থাকা রাজ্যের ৬ কোটি গ্রাহকের মধ্যে এই বিপুল সংখ্যক কার্ডের যাচাই না হলে আর্থিক চাপ বাড়বে সরকারের ওপর। বিশেষ করে গম সরবরাহের ক্ষেত্রে কেন্দ্র নির্ভরতা থাকায় আগামী দিনে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।

