তামিলনাড়ুর নারীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে বিরোধীরা, তোপ নির্মলার!
সংসদে নারী সংরক্ষণ বিল নিয়ে চলমান বিতর্কের জেরে এবার উত্তপ্ত হয়ে উঠেছে তামিলনাড়ুর রাজনীতি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অভিযোগ করেছেন যে, ডিএমকে ও কংগ্রেস জোটের ‘অন্ধ রাজনৈতিক বিদ্বেষ’-এর কারণে রাজ্যের নারীরা তাদের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তার মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি বিরোধীদের ঘৃণার কারণেই এমকে স্ট্যালিন ও রাহুল গান্ধীর নেতৃত্বাধীন জোট নারীদের ক্ষমতায়নের পথে বাধা সৃষ্টি করছে।
সাবেক মুখ্যমন্ত্রী এডাপ্পাডি কে. পালানিস্বামীর বক্তব্যের সূত্র ধরে নির্মলা সীতারামন দাবি করেন, প্রধানমন্ত্রী একটি ভারসাম্যপূর্ণ প্রস্তাব রাখলেও বিরোধী জোট নেতিবাচক রাজনীতির পথ বেছে নিয়েছে। সীতারামনের মতে, বিরোধীদের এই সংকীর্ণ মানসিকতার ফলে সংসদ ও বিধানসভায় তামিলনাড়ুর নারীদের সঠিক প্রতিনিধিত্বের সুযোগ নষ্ট হচ্ছে। অন্যদিকে, নারী সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস নিয়ে এই সংঘাতকে কেন্দ্র করে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র হয়েছে। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বিষয়টিকে বিরোধীদের নির্বাচনী কৌশল এবং নারী-বিরোধী অবস্থান হিসেবে চিহ্নিত করেছে।
