তারাপীঠ হোটেল কাণ্ড: পলাতক হোটেল মালিকের বাবা গ্রেফতার, নিখোঁজদের খোঁজে পুকুরে নামল ডুবুরি – এবেলা

তারাপীঠ হোটেল কাণ্ড: পলাতক হোটেল মালিকের বাবা গ্রেফতার, নিখোঁজদের খোঁজে পুকুরে নামল ডুবুরি – এবেলা

এবেলা ডেস্কঃ

বীরভূমের তারাপীঠের ‘বিদেশিনী’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। তদন্তে নেমে পুলিশ হোটেলের মালিক কল্যাণ পালের পর তাঁর বাবা প্রবীর পালকেও সোমবার মধ্যরাতে গ্রেফতার করেছে। অগ্নিকাণ্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন। পুলিশ জানিয়েছে, বাবা-ছেলে যৌথভাবেই হোটেলটি চালাতেন।

অগ্নিকাণ্ডের সময় হোটেলে মোট ৪৩ জন আবাসিক ছিলেন, যার মধ্যে ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে কয়েকজন এখনও নিখোঁজ। প্রাণ বাঁচাতে ধোঁয়ার মধ্যে পথ হারিয়ে কেউ লাগোয়া পুকুরে ঝাঁপ দিয়েছেন কি না, তা খতিয়ে দেখতে মঙ্গলবার সকালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

সোমবার ভোরে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। হোটেলের ভেতরের ফাইবারের অন্দরসজ্জার কারণে আগুন দ্রত ছড়িয়ে পড়ে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পুরো হোটেল অন্ধকারে ডুবে যায়। পিছনের নিরাপদ বেরোনোর পথ জানা না থাকায় পুণ্যার্থীরা রিসেপশনের দিকেই পালানোর চেষ্টা করেন, যেখানে আগুনের তীব্রতা সবচেয়ে বেশি ছিল।

নিহত ৯ জনের মধ্যে মেঘালয়ের একই পরিবারের ৫ জন সদস্য রয়েছেন, যার মধ্যে ২টি শিশুও ছিল। তাঁরা ওপরের তলা থেকে নামার সময় আগুনে দগ্ধ হন। পুলিশ ও দমকল বাহিনী উদ্ধারকাজ চালানোর পাশাপাশি হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও সুরক্ষাবিধি বৈধ ছিল কি না তা খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *