তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুজো দিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ৭ জনের – এবেলা

তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুজো দিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ৭ জনের – এবেলা

এবেলা ডেস্কঃ

বীরভূমের অন্যতম তীর্থকেন্দ্র তারাপীঠের একটি বেসরকারি হোটেলে সোমবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত সাত জন পুজো দিতে আসা তীর্থযাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গভীর রাতে আচমকা লাগা এই আগুনে গুরুতর দগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন আবাসিক। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর সাড়ে চারটে নাগাদ তারাপীঠ থানার কাছে পুকুরপাড়ের ওই হোটেলের গ্রাউন্ড ফ্লোরে প্রথম আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় ঘুমের মধ্যেই চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে হোটেলজুড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর হোটেলের ভিতর থেকে দগ্ধ অবস্থায় সাতটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি বলে অনুমান করা হলেও, হোটেলে অগ্নিনরাপত্তা বিধি সঠিকভাবে মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *