লেটেস্ট নিউজ

তারেক রহমানকে মোদীর আমন্ত্রণপত্র দিলেন ওম বিড়লা, জামাত আমিরের সঙ্গে বিদেশ সচিবের সাক্ষাৎ

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় এই বৈঠকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটি বিশেষ অভিনন্দন বার্তা ও আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। চিঠিতে মোদী তারেক রহমানকে দ্রুততম সময়ের মধ্যে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এই উচ্চপর্যায়ের সফরে ওম বিড়লার সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। এর আগে দিল্লির বিশেষ বিমানে তাঁরা ঢাকা পৌঁছালে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। লোকসভার স্পিকার সামাজিক যোগাযোগমাধ্যমে বৈঠকটিকে অত্যন্ত গঠনমূলক হিসেবে অভিহিত করে বাংলাদেশের নতুন সরকারকে ভারতের জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

অন্যদিকে, ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের জাতীয় সংসদের নবনির্বাচিত বিরোধী দলনেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন। সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে ভুটান, যুক্তরাজ্য, পাকিস্তান ও নেপালের প্রতিনিধিরাও উপস্থিত থেকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে নতুন নেতৃত্বের সাফল্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *