তালিবানি তাণ্ডব! ধ্বংসস্তূপে পরিণত পাকিস্তানের নূর খান এয়ারবেস – এবেলা
এবেলা ডেস্কঃ
রাওয়ালপিণ্ডির আকাশে ফের ঘনিয়ে এল যুদ্ধের কালো মেঘ। ইরান এবং ইজরায়েলের সংঘাতের আবহে এবার সরাসরি সম্মুখ সমরে পাকিস্তান ও আফগানিস্তান। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এ বিধ্বস্ত নূর খান এয়ারবেসে যখন মেরামতির কাজ চলছিল, ঠিক তখনই ঝাঁকে ঝাঁকে সশস্ত্র ড্রোন নিয়ে আছড়ে পড়ল তালিবান বাহিনী।
গত বছর পহেলগাম হামলার মোক্ষম জবাব দিতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান সীমান্ত জুড়ে চালিয়েছিল ‘অপারেশন সিঁদুর’। সেই বিধ্বংসী অভিযানেই কার্যত গুঁড়িয়ে গিয়েছিল রাওয়ালপিণ্ডির এই কৌশলগত বিমানঘাঁটি। দীর্ঘ নয় মাস পর যখন সেই ধ্বংসস্তূপ সরিয়ে ফের সংস্কারের কাজ শুরু হয়েছিল, তখনই তালিবানের এই অতর্কিত হামলায় ফের লণ্ডভণ্ড হয়ে গেল পাক সামরিক কাঠামো।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, শুধু নূর খান এয়ারবেস নয়, বালুচিস্তানের কোয়েট্টায় অবস্থিত ১২ তম ডিভিশন সদর দফতর-সহ একাধিক পাকিস্তানি সামরিক ঘাঁটিতে সফল হামলা চালিয়েছে তারা। এখানেই শেষ নয়, পাকিস্তানের একটি যুদ্ধবিমানকে আফগানিস্তানের জালালাবাদে নামিয়ে দিয়ে পাইলটকে বন্দি করার দাবিও তুলেছে তালিবান।
শুক্রবার পাকিস্তান যখন কাবুল ও কান্দাহারে বিমান হামলা চালিয়ে ১৩৩ জন তালিবান যোদ্ধাকে খতম করার দাবি করে, তার পাল্টা জবাবেই এই রক্তক্ষয়ী আক্রমণ শুরু করেছে আফগান বাহিনী। তালিবানের দাবি, তাদের ড্রোন হামলায় অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিচার করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্পষ্ট জানিয়েছেন, দুই দেশের মধ্যে এখন আক্ষরিক অর্থেই খোলাখুলি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে।

