তিন বছর সহবাসের পর হঠাৎ বিয়ে বাতিল! সমকামী দুই পুলিশ কনস্টেবলের সিদ্ধান্তে ধোঁয়াশা – এবেলা

এবেলা ডেস্কঃ
মহারাষ্ট্রের পুনের পিম্পরি-চিঞ্চওয়াড় পুলিশ কমিশনারেটের অধীনস্থ একটি থানায় কর্মরত দুই মহিলা কনস্টেবল দীর্ঘ তিন বছর ধরে লিভ-ইন সম্পর্কে যুক্ত ছিলেন। সমকামী এই যুগল সমাজ ও লোকলজ্জার পরোয়া না করে প্রেমের সম্পর্ক এগিয়ে নিয়ে যান এবং শেষ পর্যন্ত বৈদিক নিয়ম মেনে বিয়ের সিদ্ধান্ত নেন। এমনকি বিয়ের আনুষ্ঠানিক অনুমোদনের জন্য তাঁরা বিশেষ ছুটির আবেদনও জমা দিয়েছিলেন। কিন্তু আচমকাই সেই বিয়ের সিদ্ধান্ত থেকে তাঁরা পিছু হটেন এবং নির্ধারিত আয়োজন বাতিল করে দেন, যা নিয়ে পুলিশ মহলে ও সাধারণ মানুষের মধ্যে তীব্র কৌতূহলের সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, দুই তরুণীর সম্পর্কের কথা জানাজানি হওয়ার পর তাঁদের পরিবার তীব্র আপত্তি জানায়। পরিবারের পক্ষ থেকে প্রথমে স্থানীয় থানায় যোগাযোগ করা হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেয় যে প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্তে আইনিভাবে বাধা দেওয়া সম্ভব নয়। পরবর্তীতে পরিবারের সদস্যরা উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের দ্বারস্থ হন। তবে ঠিক কোন কারণে শেষ মুহূর্তে এই বিয়ে বাতিল হলো, তা এখনও রহস্যের আবডালে ঢাকা রয়েছে। লিঙ্গ পরিবর্তনের জটিলতা নাকি পরিবারের প্রবল চাপ—কোন নেপথ্য কারণের জন্য এই সাহসী যুগল তাঁদের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলেন, সে বিষয়ে এখনও মুখ খোলেননি সংশ্লিষ্ট কেউ।
