তিয়েনআনমেন স্কোয়ারের রক্তক্ষয়ী গণহত্যাকে কেন ‘সঠিক’ বললেন শি জিনপিং? সত্য প্রকাশ্যে চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ
১৯৮৯ সালে বেজিংয়ের তিয়েনআনমেন স্কোয়ারে গণতন্ত্র ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনে চিনা সেনার নৃশংস বলপ্রয়োগ বিশ্ব ইতিহাসে এক অন্ধকার অধ্যায়। অভিযোগ রয়েছে, সেনাদের গুলি ও ট্যাঙ্কের তলায় পিষে সেদিন প্রাণ হারিয়েছিলেন প্রায় তিন হাজার আন্দোলনকারী ছাত্র-যুবক। দীর্ঘ কয়েক দশক পার হলেও চিনের কমিউনিস্ট সরকার সেই নারকীয় ঘটনাকে ভুল স্বীকার করতে নারাজ। সম্প্রতি চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ওই রক্তক্ষয়ী সামরিক পদক্ষেপের প্রকাশ্য সমর্থন জানিয়ে নতুন করে তীব্র বিশ্বজোড়া বিতর্ক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছেন।
গ্রেট হল অফ দ্য পিপলে ৪৫ মিনিটের এক ভাষণে প্রেসিডেন্ট জিনপিং জানান, তৎকালীন পরিস্থিতিতে দেশের স্থিতিশীলতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা বজায় রাখতে সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের নেওয়া কঠোর সিদ্ধান্তগুলো পুরোপুরি সমর্থনযোগ্য ছিল। ১৯৮৯ সালের গভীর রাজনৈতিক অস্থিরতার দিনে চিনা সেনার সেই বলপ্রয়োগকে দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে সাফাই দেন তিনি। বিশ্লেষকদের মতে, জিনপিঙের এই বিতর্কিত মন্তব্য মূলত তিয়েনআনমেন স্কোয়ারের নারকীয় গণহত্যার আনুষ্ঠানিক সমর্থনেরই নামান্তর।
